নিউজ ডেস্ক:
ফুল ব্যাক নিয়ে রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা অনেক। মার্সেলোর বিদায়ের পর ফারলান্ড মেন্ডি কিংবা আলভারো আদ্রিওজোলারা কোনভাবেই লেফটব্যাকের অভাব ঘুচাতে পারেননি। বর্তমানে এই পজিশনে বিভিন্নজনকে খেলিয়ে কোনমতে কাজ চালিয়ে নিচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। রাইট-ব্যাক দানি কার্ভাহালও একের পর এক ইনজুরিতে ভুগে সেরা সময় পার করে এসেছেন। তবে আগামী দলবদলে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর পাশাপাশি আরও বেশ কয়েকটি পজিশন নিয়েও ভাবছে লস ব্লাঙ্কোরা।
রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এখন পর্যন্ত দুটি গ্যালাক্টিকো দলটির সমর্থকদের উপহার দিয়েছেন। আগামী মৌসুমেই তৃতীয় গ্যালাক্টিকোও দেখা যেতে পারে। পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পে যে রিয়ালে আসছেন তা একপ্রকার নিশ্চিতই বলা যায়। বায়ার্ন মিউনিখের ফুল ব্যাক আলফন্সো ডেভিসের দিকেও নজর রাখছে লস ব্লাঙ্কোরা। তারও আগামী মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখার সমূহ সম্ভাবনা রয়েছে।
ফুল ব্যাক নিয়ে সমস্যায় ভোগা রিয়ালের রাডারে আছেন বেশ কয়েকজন খেলোয়াড়। লেফট ব্যাক হিসেবে আলফন্সো ডেভিসের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। এদিকে দিন কয়েক আগে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো জানান, রিয়াল মাদ্রিদ লিভারপুলের ইংলিশ তারকা ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের দিকে নজর রাখছে। অ্যানফিল্ডে চুক্তির শেষ পর্যায়ে থাকা এই রাইট ব্যাককে দলে নিতে আগ্রহী রিয়াল। এমন খবরে বেশ শোরগোল তৈরি হয়। সময়ের অন্যতম সেরা এই ফুল ব্যাক রিয়ালে এলে ক্লাবটির তারকাপুঞ্জে নিঃসন্দেহে আরও উজ্জ্বল হয়ে উঠবে।
অ্যালেক্সান্ডার-আর্নল্ডের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত লিভারপুলের চুক্তি রয়েছে। ২৫ বছর বয়সী এই ফুল ব্যাককে আপাতত বিক্রি করার কোনো ইচ্ছাই নেও মার্সিসাইডের ক্লাবটির। তবে ইংলিশ তারকার দাবি, নতুন চুক্তির বিষয়ে ক্লাবটি এখনও তার সঙ্গে আলোচনা শুরু করেনি।
চলতি মৌসুম শেষে লিভারপুলের কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। সাম্প্রতিক সময়ে লিভারপুলকে সফলয় এনে দেয়া কোচের বিদায়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে অলরেডরা। এদিকে আক্রমণভাগ ও রক্ষণভাগের দুই প্রধান সেনানী মোহামেদ সালাহ ও ভার্জিল ফন ডাইকের চুক্তিও আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। ফলে অ্যানফিল্ড ছেড়ে তারকাদের অন্যত্র পাড়ি জমানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
রাইট ব্যাক, রাইট উইং ব্যাক কিংবা মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন অ্যালেক্সান্ডার আর্নল্ড। ২০১৬-১৭ মৌসুমে লিভারপুলের জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ৩০২ ম্যাচ খেলে ১৮টি গোল করেছেন তিনি। এছাড়া সহায়তা করেছেন অসংখ্য গোলে।
Leave a Reply