অনলাইন ডেস্ক:
এমন কিছুর গুঞ্জন ছিল গত মৌসুমেও। তবে আন্তর্জাতিক অবসর ভেঙে জাতীয় দলে ফেরায় ধারণা করা হচ্ছিল, খুব শীঘ্রই হয়ত অবসর নিচ্ছেন না টনি ক্রুস। তবে চমকই দিলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। ইউরো ২০২৪ খেলেই সব ধরনের ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন জার্মানি ও রিয়াল মাদ্রিদ ফুটবলার।
মঙ্গলবার বিকেলে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ক্রুস। ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষবারের মত পেশাদার ফুটবলে দেখা যাবে তাকে।
বিশাল সেই পোস্টে রিয়ালের প্রতি ভালোবাসার কথা লিখেছেন ক্রুস। ১০ বছর পর মৌসুমের শেষে এই অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমি সেই অবিশ্বাস্য সফল সময়টি কখনই ভুলব না! আমি বিশেষভাবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে দুহাতে স্বাগত জানিয়েছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে। তবে বিশেষ করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই প্রিয় মাদ্রিদিস্তাসদের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত তাদের সম্মান ও ভালবাসার জন্য।
২০১৪ সালে জার্মানির জার্সিতে বিশ্বকাপ জিতে রিয়ালে নাম লেখান ক্রুস। এরপর থেকে এখন পর্যন্ত জিতেছেন ৪টি করে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ, ৫টি ফিফা ক্লাব বিশ্বকাপ ও একটি কোপা দেল রে।
দীর্ঘ এই পথচলায় রিয়ালের মাঝমাঠের মধ্যমণি হয়ে ওঠেন ক্রুস। তিনি, লুকা মদ্রিচ ও কাসেমিরো মিলে গড়ে তুলেছিলেন সময়ের অন্যতম সেরা এক মিডফিল্ডার ত্রয়ী। কাসেমিরো চলে গেলেও চালিয়ে যাচ্ছিলেন অন্য দুজন। এবার ক্রুসের অবসরের সিদ্ধান্তে রইলেন কেবল মদ্রিচ।
এই মৌসুম শেষেই রিয়ালে চুক্তির মেয়াদ শেষ ক্রুসের। দুই দিন আগেও শোনা যাচ্ছিল যে, এক বছরের জন্য রিয়াল তার চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে। কিন্তু তা আর হলো না। স্পেনের সফলতম ক্লাবটির জার্সিতে বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডারের শেষ ম্যাচ হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আগামী ১ জুন, প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।
আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে এই প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল অধ্যায়ের ইতি টানার আশা ক্রসের। “যেমনটা আমি আমি সবসময় বলেছি : রিয়াল মাদ্রিদই আমার শেষ ক্লাব হবে। আমি খুশি এবং গর্বিত এই জন্য যে, আমার মনের মধ্যে আমি নিজের সিদ্ধান্তের জন্য সঠিক সময় খুঁজে পেয়েছি এবং সিদ্ধান্তটা আমিই নিতে পেরেছি। আমার ইচ্ছা ছিল শীর্ষে থেকে ক্যারিয়ার শেষ করা। এখন থেকে শুধুমাত্র একটি চিন্তাই মুখ্য : এ পোর লা ১৫!!! (রিয়ালের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়) আলা মাদ্রিদ!”
২০২১ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ক্রুস। এরপর চলতি বছরের মার্চে ফেরেন জাতীয় দলে। জার্মানির হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১০৮টি। আর রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬৩টি ম্যাচ খেলেছেন ক্রুস, গোল করেছেন ২৮টি, করিয়েছেন ৯৮টি।
Leave a Reply