এবারের চোট গুরুতর নয়, আশাবাদী নেইমার

এবারের চোট গুরুতর নয়, আশাবাদী নেইমার

নেইমারের কপাল খারাপ। লিগামেন্টের ইনজুরিতে এক বছর মাঠের বাইরে ছিলেন। অক্টোবরের শেষ সপ্তাহে মাঠে ফেরেন ব্রাজিলের তারকা। প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন তিনি।

এএফসি চ্যাম্পিয়নস লিগে এস্তেগলালের বিপক্ষে আল হিলালের ৩-০ গোলে জয়ের ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছাড়েন নেইমার। তবে মাংসপেশীর এই চোট অতটা গুরুতর নয় বলে আশাবাদী তিনি।

আল আইনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে আল হিলালের আগের ম্যাচে শেষ ১৩ মিনিট বদলি নেমে খেলেন নেইমার। এস্তেগলালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে ৩০ মিনিট পর পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ভক্তরা দুশ্চিন্তায় পড়ে যায়, আবারও কি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা!

এই ভক্তদের আশ্বস্ত করতে ইনস্টাগ্রামে পোস্ট দিলেন নেইমার। জানালেন, এত লম্বা বিরতিতে মাঠে ফেরার পর এমন কিছু ঘটতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন তার ডাক্তাররা।

৩২ বছর বয়সী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আশা করি খুব বেশি গুরুতর কিছু না। এক বছর বিরতি দিয়ে ফেরার পর এমন হওয়া স্বাভাবিক। ডাক্তাররা এই ব্যাপারে আমাকে আগেই সতর্ক করেছিল। আমাকে আরও বেশি সাবধান থাকতে হবে এবং আরও বেশি সময় ধরে খেলতে হবে।’

এবার সৌদি প্রো লিগের জন্য নেইমারকে নিবন্ধন করা হয়নি। তিনি শুধু আল হিলালের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলবেন। আগামী ২৬ নভেম্বর আল সাদের বিপক্ষে পরবর্তী ম্যাচ। এই সময়ের মধ্যে সেরে উঠবেন, আশা নেইমারের।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme