নিউজ ডেস্ক:
পাকিস্তানের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার ঘোষণা দিয়েছেন। এবার অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইচ্ছের কথা জানালেন বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির।
মোহাম্মদ আমির নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এখনও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন মাঝে মাঝে এমন জায়গায় নিয়ে দাঁড় করায় যেখান থেকে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।’
তিনি আরও লিখেছেন, ‘পিসিবির সঙ্গে আমার ইতিবাচক কথাবার্তা হয়েছে। যেখানে তারা সম্মানের সঙ্গে আমাকে বুঝিয়েছেন যে, আমাকে দলের দরকার এবং আমি এখনও জাতীয় দলের হয়ে খেলার সামর্থ্য রাখি। পরিবারের সঙ্গে আলাপ করে আমিও ফেরার সিদ্ধান্ত নিয়েছি এবং ঘোষণা করছি যে, আগামী টি-২০ বিশ্বকাপে খেলার জন্য আমি উন্মুক্ত।
মোহাম্মদ আমির ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন। তখন তিনি দাবি করেছিলেন, পিসিবি তাকে মানসিকভাবে অত্যাচার করছে। পরে জানা যায় যে, পিসিবির চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সম্পর্ক ভালো না যাওয়ায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আমির।
Leave a Reply