জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে পেটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা পাচার করতে গিয়ে মুকুল হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার পেটের ভেতর থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম বেতার ঘরের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি মুকুলকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোন মাদক না পেয়ে, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে আসামির পেটের এক্স-রে করা হয়। পরে বিশেষ প্রক্রিয়ায় তার পেটের ভেতর থেকে ৫টি প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা বের করা হয়।
জয়পুরহাট জেলা ডিবির ওসি মোঃ আসাদুজ্জামান জানান, আসামি কক্সবাজার থেকে ইয়াবাগুলো কৌশলে পেটের ভেতর নিয়ে জয়পুরহাটে নিয়ে আসছিল। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply