খেলাধুলা ডেস্ক:
২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ২২ গজ মাতিয়েছেন তামিম ইকবাল। তারপর বেশ চড়াই উৎরাই, আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে গিয়েছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরে যাওয়া, প্রধানমন্ত্রীর অনুরোধে পুনরায় ফিরে আসা। তারপর বিশ্বকাপের রেস থেকে ছিটকে যাওয়া কি হয়নি এই সময়ে। তারপর চলে আসে বিপিএল। তাই সকলের দৃষ্টি ছিল সাবেক এ অধিনায়ক মাঠে নামবেন কিনা। কিংবা ২২ গজে নামলেও কতটা সাবলীল পারফর্ম করতে সক্ষম হবেন।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তামিম ২২ গজে ফিরলেন রাজার মতোই। অধিনায়ক হয়ে ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ দিয়েছেন। সেই সঙ্গে ব্যাট হাতে ছুটিয়েছেন রানের ফোয়ারা। পুরো টুর্নামেন্টে ৩ ফিফটিতে করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৯২ রান। যা তাকে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাইয়ে দিয়েছে। বিপিএলে মাঠে ফেরাটা দুর্দান্ত হওয়ায় তাই কৌতূহল জেগেছে আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরছেন তিনি।
তামিমকে ফেরানোর বিষয়ে বিসিবি জানিয়েছিল বিপিএল চলাকালেই কথা বলবে তার সঙ্গে। আর তামিম জানিয়েছিলেন বিপিএল শেষে নিজের ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাই বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই প্রশ্ন উঠেছে, নতুন প্রধান নির্বাচকের সঙ্গে তার কথা হয়েছে কি না।
এমন প্রশ্নে চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম বলেন, না, আমার সঙ্গে তার (নতুন প্রধান নির্বাচক) কোনো কথাবার্তা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলতে অ্যাভেইলেবল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত…আমার সঙ্গে বসার কথা ছিল। তবে আমাদের একটা যোগাযোগ আছে। কাল (আজ) সকালে আমি আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি, ফেরার পর আমরা বসব।
Leave a Reply