নতুন দাবি নিয়ে আল-হিলাল ছাড়ার আলোচনায় নেইমার

নতুন দাবি নিয়ে আল-হিলাল ছাড়ার আলোচনায় নেইমার

২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। কিন্তু দেড় বছরে তিনি মাত্র সাতটি ম্যাচে ক্লাবটির জার্সি গায়ে জড়াতে পেরেছেন। বড় অঙ্কের বেতন গুনলেও চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটিয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা। আগামী জুনে আল-হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোলেও, তার আগেই নেইমারের ঠিকানা বদলের জোর গুঞ্জন চলছে।

প্রথমে শোনা গিয়েছিল, সাবেক সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সঙ্গে ইন্টার মায়ামিতে দেখা যেতে পারে ব্রাজিল ফরোয়ার্ডকে। তবে সেখানে মেজর লিগ সকারের (এমএলএস) জটিল আর্থিক নীতিমালা বাধা হয়ে দাঁড়ায়। মায়ামির নতুন কোচ হাভিয়ের মাশ্চেরানোও এককথায় জানিয়ে দেন, ওই কারণে মেসি-সুয়ারেজের সঙ্গে নেইমারের পুনর্মিলন ঘটা সম্ভব নয়। যদিও এমএলএসের একাধিক ক্লাবও নেইমারকে পেতে লড়াইয়ে নেমেছে বলে বেরিয়েছে নতুন খবর।

অন্যদিকে, ব্রাজিল তারকাকে পেতে মরিয়া তার শৈশবের ক্লাব সান্তোস। নেইমার নিজেও ক্যারিয়ারের শেষ পর্যায়ে পুরোনো ঠিকানায় নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত তার সান্তোসেই যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এর বাইরে নেইমার নাকি আল-হিলালের সঙ্গে আলোচনায় বসেছে ভিন্ন দাবি নিয়ে। আল-হিলাল চলতি মৌসুম শেষে তাকে অন্য কোথাও বেচে দিতে চাইলেও, ব্রাজিল তারকা চান তার আগেই ধারে ভিন্ন ক্লাবে যোগ দিতে। তেমনটা হলে তার জন্য বড় অর্থই খরচ হয়ে যাবে আল-হিলালের।

এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি। সূত্রের বরাতে তারা বলছে, ‘নেইমার তার ক্লাব ত্যাগের বিষয়ে আল-হিলালের সঙ্গে আলোচনা করছেন। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার বড় অঙ্কের আর্থিক চাহিদা।’ চুক্তি শেষ হওয়ার আগেই এই তারকাকে বিক্রি করতে হলে শর্ত মানতে হবে সৌদি ক্লাবটিকে। বিপরীতে, মৌসুম শেষ হলে নেইমার হয়ে পড়বেন ফ্রি এজেন্ট। আবার, চুক্তির মেয়াদ ফুরোনো পর্যন্ত অপেক্ষা না করেই বিকল্প কাউকে দলে ভেড়ানোর পরিকল্পনা আল-হিলালের।

আল-হিলালও যে নেইমারকে দ্রুত ছেড়ে দিতে চায় সেটি সম্প্রতি কোচ জর্জ জেসুসের মন্তব্যেই উঠে এসেছে। তিনি বলেছেন, ‘নেইমারের ভবিষ্যৎ নিয়ে আমি কিছু জানি না। সৌদির প্রো লিগ বিশ্বের অন্যতম সেরা এবং আমরা যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে খেলতে পারে না।’ ব্রাজিলের গণমাধ্যম গ্লোবোও জানিয়েছে, আল হিলাল নেইমারকে বলে দিয়েছে তারা সৌদি প্রো লিগের জন্য নেইমারকে নিবন্ধিত করবে না।

গ্লোবোর দাবি– ‘সান্তোস নেইমারের ফেরার বিষয়ে খুবই আশাবাদী। এই সপ্তাহের মধ্যে আল হিলালের সঙ্গে তার চুক্তি বাতিল হতে পারে। চুক্তি বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন হলেও, ব্যাপারটি সহজ নয়। একটি আর্থিক চুক্তি করতে হবে, কারণ আল-হিলালের কাছে এখনও সাড়ে ৬ কোটি ডলার পাওনা নেইমারের, যেটা তিনি ছাড়তে চাচ্ছেন না। যদিও তিনি ক্লাব ছাড়তে চান।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme