নেইমারকে নিয়ে ছাড়ানো গুঞ্জন উড়িয়ে দিলেন এজেন্ট

নেইমারকে নিয়ে ছাড়ানো গুঞ্জন উড়িয়ে দিলেন এজেন্ট

দীর্ঘ সময় ধরে ইনজুরিতে ভুগছেন ব্রাজিলিয়ার পোস্টার বয় নেইমার জুনিয়র। এক বছর পর ইনজুরি কাটিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলালের জার্সিতে মাঠে নেমেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে তার পিছুই ছাড়ছে না। সেই ম্যাচে আবারও ইনজুরিতে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। তারপর আবারও বেশ কয়েক দিনের জন্য ছিটকে যান মাঠের বাইরে।

নতুন করে ইনজুরিতে পড়ার পর থেকেই গুঞ্জন মাথা চাড়া দিয়ে উঠেছে আল-হিলাল ছাড়ছেন নেইমার। শোনা যাচ্ছিল আবারও নিজের পুরোনো ক্লাব সান্তোসে ফিরবেন তিনি। কারও মুখে ছিল লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে মিলিত হবেন নেইমার।

তবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন তার এজেন্ট পিনি জাহাভি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নেইমারের সঙ্গে সাবেক ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার কোনো আলোচনা চলছে না।

সম্প্রতি নেইমার সমর্থকদের মাঝে গুঞ্জন উঠেছিল যে, ব্রাজিলিয়ান সুপার স্টার তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার জন্য একটি চুক্তি করেছেন। আল-হিলালে যোগ দেয়ার পর থেকে ইনজুরিতে জর্জরিত নেইমারের ভবিষ্যৎ নিয়ে এমন জল্পনা-কল্পনা শুরু হয়। তবে, নেইমারের এজেন্ট এই গুজবকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

নেইমারের এজেন্ট পিনি জাহাভি বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে জানান, ‘আল-হিলাল ছাড়ার জন্য নেইমারের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তিনি আল-হিলালে চুক্তিবদ্ধ আছেন এবং এখানে বেশ খুশি। নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলার অধিকার নেইমারের বাবা এবং আমারই আছে। সাম্প্রতিক গুঞ্জনগুলো কোথা থেকে আসছে তা আমি জানি না।’

তবে গুজবটি প্রথম প্রকাশ করা সাংবাদিক সিজার লুইস মেরলো তার বক্তব্যে অনড় রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) লেখেন, ‘নেইমারের এজেন্ট যা বলেছেন তা সত্ত্বেও আমি আমার প্রকাশিত তথ্যের প্রতি আস্থা রাখি। সময়ই সত্যকে প্রকাশ করবে।’

বর্তমানে নেইমার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আল-হিলালের স্কোয়াডের বাইরে আছেন। তার দল শনিবার (২৩ নভেম্বর) আল-খালিজের বিপক্ষে মাঠে নামবে, তবে নেইমারকে দর্শক হিসেবেই থাকতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme