বগুড়া সংবাদদাতা
বগুড়ার সারিয়াকান্দিতে মুদী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। এছাড়া তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সারিয়াকান্দি উপজেলার ডোমকান্দি গ্রামের মোজ্জামেল হকের ছেলে তুহিন মিয়া (৩১) ও দৌলতজ্জামানের ছেলে সুলতান মাহামুদ (৩২)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ আগস্ট রাতে দণ্ডপ্রাপ্ত তুহিন ও সুলতান ডোমকান্দি গ্রামে রফিকুলের মুদি দোকানে আসেন। সেখান থেকে তারা সিগারেট নেওয়ার পর চাঁদা হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন। রফিকুল তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে সিগারেটের পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন ও সুলতান দোকানের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে রফিকুলের পেটে ছুরিকাঘাত করে। তার চিৎকারে গ্রামবাসীরা দৌড়ে আসলে আসামিরা পালিয়ে যান। পরে আহত রফিকুলকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর রফিকুলের ভাই ছায়েদ আলী বাদী হয়ে তুহিন ও সুলতানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর রাতে মুদি ব্যবসায়ী রফিকুল মারা যান।
Leave a Reply