নিউজ ডেস্ক:
এবারের মৌসুমটা ভালো কাটেনি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। যে লিগ শিরোপাকে বলতে গেলে নিজের সম্পত্তি বানিয়ে রেখেছিল সেই লিগ শিরোপা হারাতে হয়েছে। তার ওপর মৌসুম শেষেই আবার দলের প্রধান কোচ টমাস টুখেলও ছেড়ে যাবেন মিউনিখ। তাই অনেক আগে থেকেই প্রধান কোচের সন্ধানে নামে ব্যাভারিয়ার ক্লাবটি। অবশ্য সেই অনুসন্ধানেও হতাশাই সঙ্গী হচ্ছে পৃথিবীর অন্যতম বিখ্যাত এই ক্লাবের। একের পর এক কোচ বায়ার্নের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এবার তো রিয়াল মাদ্রিদকে টানা ৩টি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ জিনেদিন জিদান সরাসরি বায়ার্নের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন।
ফমুর্লা ওয়ান রেস দেখতে মায়ামিতে উপস্থিত হয়েছিলেন ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই খেলোয়াড়। সেখানেই তার দেখা পায় স্কাই স্পোর্টস জার্মানি। তাদের ছোট্ট এক সাক্ষাৎকারে দেন জিদান। সেই সাক্ষাৎকারে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জিদান। একই সঙ্গে জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে রিয়ালকে সমর্থন দিতে মাঠে থাকবেন তিনি।
জিদান বলেন, ‘আমি বায়ার্ন মিউনিখের ভবিষ্যৎ কোচ হবো কি না? না, আমি (বায়ার্ন-রিয়াল) ম্যাচ দেখতে যাব। এটা কঠিন একটা ম্যাচ হবে। আমি আশাবাদী মাদ্রিদ জিতবে।’
Leave a Reply