অনলাইন ডেস্ক:
ক্যারিয়ারের সব থেকে খারাপ সময় হয়তো পার করছেন লিটন কুমার দাস। ব্যাট হাতে টানা ব্যর্থতার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। টেস্ট দলে জায়গা পেলেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি লিটন। তার মাশুলও গুণতে হয়েছে এই টাইগার ওপেনারকে। মাঠের ক্রিকেটে বাজে পারফরম্যান্সের দরুন এবার র্যাঙ্কিংয়েও বড় অবনতি হয়েছে তার।
বুধবার টেস্ট র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ব্যাটসম্যানদের তালিকায় সাত ধাপ নিচে নেমেছে লিটন। এখন যৌথভাবে তিনি ২৪তম স্থানে আছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালো করেছিলেন মিডল অর্ডারে নামা এই ব্যাটার। তবে ২৫ রানে তার সেই ইনিংস থামে। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে ৩০ গজ বৃত্তের ভেতরেই ক্যাচ দেন লিটন।
এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও, ফলে তারও অবনতি হয়েছে। দুই ইনিংস মিলিয়ে ১১ রান করা বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৯ ধাপ পিছিয়ে এখন ৫৩ নম্বরে।
তবে টেস্ট ব্যাটারদের তালিকায় এগিয়েছেন মুমিনুল হক। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ৩২৮ রানে হারের ম্যাচে একমাত্র রান পেয়েছিলেন মুমিনুল। চারে নেমে তিনি ৮৭ রান করেন। ফলে ৯ ধাপ এগিয়ে তিনি উঠে গেছেন ৫০ নম্বরে।
Leave a Reply