জাতীয় দলের জার্সিতে নিজেকে হারিয়ে খুঁজলেও আইপিএলে দারুণ ছন্দে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। প্রতিটি উইকেটের জন্য ১৫-এর নিচে রান দিয়েছেন। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে বাঁহাতি এই পেসারকে প্রশংসায় ভাসান বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
ক্রিকবাজের সঙ্গে আলোচনায় দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার বলেন, ‘বোলিং দেখে মনে হচ্ছে মুস্তাফিজ তার স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। বোলিংয়ে শুধু তার গতিই নয়, বৈচিত্র্যও আছে। সেরা ছন্দে আছে। বেশ নিয়ন্ত্রিত লাগছে। সতেজ মনে হচ্ছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে।’
মুস্তাফিজকে নতুন বলে বেশ কার্যকরী মনে হচ্ছে ডোনাল্ডের, ‘নতুন বলে শুরু থেকে ছন্দ পাচ্ছে। বল ভেতরে নিতে পারছে আবার বাইরেও টেনে নিচ্ছে। এখন যেটা ও করছে সেটা সব সময় চাহিদা ছিল।
বাংলাদেশ দলের সঙ্গে থাকাকালীন মুস্তাফিজকে নিয়ে আলাদা কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন ডোনাল্ড, ‘মুস্তাফিজ যখন ভালো বোলিং করে তখন তার গতি ঠিক থাকে এবং বল দেরিতে সুইং করে। বিশ্বকাপে কিছুটা দেখাতে শুরু করেছিল কিন্তু ধারাবাহিকতা থাকেনি। কখনো না কখনো এটা হতে পারে। ট্রেনিংয়ে যখন এটা হওয়া শুরু করলো তখন আমি ও ফিজ এটা নিয়ে আরও কাজ করা শুরু করেছিলাম। আমরা স্লোয়ার বলে বাড়তি নিয়ন্ত্রণ রাখার কাজ করেছিলাম। এখন যেভাবে বোলিং করছে ঠিক সেটাই আমরা করছিলাম।’
Leave a Reply