লঙ্কান লিগে ছাড়পত্র মিলতে পারে তাসকিনের

লঙ্কান লিগে ছাড়পত্র মিলতে পারে তাসকিনের

অনলাইন ডেস্ক:


তাসকিন আহমেদের মায়ের ইচ্ছা– ছেলে আইপিএলে খেলুক। তাই দুই বছর আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট থেকে প্রস্তাব পেয়ে খুব উৎফুল্ল ছিলেন তিনি। বিসিবির কাছে ছাড়পত্র চেয়ে নিবেদনও জানিয়েছিলেন। কোচের আপত্তির কারণে শেষ পর্যন্ত ২০২২ সালে আইপিএলে খেলার ছাড়পত্র মেলেনি তাঁর।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মুলতান সুলতানও আগ্রহ দেখিয়েছিল তাঁকে পেতে। বিসিবি রাজি না হওয়ায় মুলতান সুলতানকেও না করে দিতে হয়েছিল ২৯ বছর বয়সী এ ফাস্ট বোলারকে। এবার দল পেয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল)।

গতকাল নিলাম থেকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডালারে টাইগার ফাস্ট বোলারকে দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স। আইপিএল, পিএসএলে খেলার স্বপ্নপূরণ না হলেও এলপিএলে খেলা হতে পারে তাসকিনের।

বাংলাদেশ থেকে এলপিএলের ড্রাফটে ছিলেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। সেখান থেকে কেবল তাসকিন দল পেলেন। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও এলপিএল খেলবেন। ডাম্বুলা থান্ডার্স সরাসরি দলে নিয়েছে তাঁকে।

ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাসকিনকে। কঠোর পরিশ্রম করে জাতীয় দলে নিয়মিত হলেও টানা খেলতে পারেন না। পেশির চোটে বহুবার ভুগতে হয়েছে। সেখানে দুই বছর ধরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কাঁধের চোট। তাঁর ডান কাঁধের লিগামেন্টের অনেকটাই ছেঁড়া। খেলা চালিয়ে যেতে নিয়মিত পুনর্বাসন করতে হচ্ছে তাঁকে। ক্যারিয়ার দীর্ঘ করার স্বার্থে টেস্ট থেকে বিরতি চেয়েছেন তিনি।

বিসিবিও মেডিকেল বিভাগের রিপোর্ট মেনে তাসকিনকে ছাড় দিতে রাজি হয়েছে। এখন শুধুই সীমিত ওভারের দলে রাখা হয় তাঁকে। ২৯ বছর বয়সী এ বোলারের ভবিষ্যতেও টেস্ট ক্রিকেটে খেলার সম্ভাবনা কম। এ কারণে জুলাই মাসে অনুষ্ঠেয় এলপিএল টি২০ লিগে খেলার ছাড়পত্র পেতে পারেন তাসকিন। সেটাও নির্ভর করছে তাঁর কাঁধের চোট পর্যবেক্ষণের রিপোর্টের ওপর।

যুক্তরাষ্ট্রের ডালাসে ২৩ মে তাসকিনের কাঁধ ও পাঁজরের এমআরআই করা হতে পারে। তাঁর ডান পাঁজরের পেশিতে টান আর হাড়ে চোট থাকলেও তিন থেকে চার সপ্তাহের মধ্যে সেরে উঠবেন বলে চিকিৎসকদের ধারণা। এ কারণেই সহ-অধিনায়ক হিসেবে তাসকিনকে বিশ্বকাপ দলে নেওয়া। গতকাল ডালাস থেকে লঙ্কান প্রিমিয়ার লিগে দল পাওয়ার সুখবর পেয়েছেন তাসকিন। তবে ছাড়পত্র পাবেন কিনা, সে ব্যাপারে জানেন না। এ নিয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে তিনি শুধু বলেছেন, ‘এখনও মন্তব্য করার সময় হয়নি।’

টি২০ বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে। সেই দলের সঙ্গী হবেন না তাসকিন-মুস্তাফিজ। এবার দু’জনকেই এলপিএলে খেলার ছাড়পত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। কারণ তারা আর টেস্ট ক্রিকেটে নেই। কারণ দু’জন পেস বোলারই চোটপ্রবণ। তাই ফিজের মতো তাসকিনকেও ওয়ানডে ও টি২০ খেলায় সীমিত রাখা হতে পারে। বৈশ্বিক লিগে খেলার জন্যও টুকটাক ছাড়পত্র মিলতে পারে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme