শিরোপার আশা ছেড়ে অন্য কিছু ভাবতে চান ম্যান সিটি কোচ

শিরোপার আশা ছেড়ে অন্য কিছু ভাবতে চান ম্যান সিটি কোচ

দীর্ঘ এক অপেক্ষার শেষ হয়েছে। কেটেছে ২৪ দিনের জয়খরা। তবে তাতে উচ্ছ্বাসের কিছু দেখছেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তার কাছে লেস্টার সিটির বিপক্ষে এই জয় কেবলই একটুখানি স্বস্তির। ‘নিভে যাওয়া’ লিগ শিরোপা জয়ের আশাও তিনি করছেন না।

অক্টোবরের শেষ দিকে সেই যে কক্ষচ্যুত হয় সিটি, তারপর থেকে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল দলটি। আগের ১৩ ম্যাচে মাত্র একটি জয়ের বিপরীতে ৯ ম্যাচে হেরেছিল তারা, ড্র করেছিল বাকি তিনটি। একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে যেন অন্ধকারাচ্ছন্ন এক গলিতে ঢুকে পড়েছে প্রিমিয়ার লিগের গত চারবারের চ্যাম্পিয়নরা। লেস্টার সিটির মাঠে রোববার লিগ ম্যাচে সাভিনিয়ো ও আর্লিং হলান্ডের গোলে ২-০ ব্যবধানের জয় গার্দিওলার কাছে একটু আলোর ছটা মাত্র।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসে কঠিন সেই বাস্তবতার কথাই বলেন তিনি। গার্দিওলা বলেন, “এই জয়ে তেমন উপভোগের কিছু নেই, এটা কেবল একটু স্বস্তির। অনেক বছর ধরে আমরা অবিশ্বাস্য সব কাজ করেছি। কিন্তু এখন তেমন কিছু ঘটছে না।”

সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয় মিললেও, লেস্টারের মাঠে সিটির পারফরম্যান্স খুব ভালো ছিল না। অবনমন অঞ্চলের দলটি জালের দেখা না পেলেও ম্যাচজুড়ে বেশ চ্যালেঞ্জ জানিয়েছে তারা; বেশি সময় পজেশন রাখার পাশাপাশি দারুণ কিছু সুযোগ তৈরি করে তারা।

পারফরম্যান্স আশানুরূপ না হলেও এই জয়ে লিগ টেবিলে দুই ধাপ এগিয়েছে সিটি; ১৯ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে দলটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ইতোমধ্যে ১৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে সিটি। লিভারপুল আবার একটি ম্যাচ কম খেলেছে, তাই ব্যবধান হতে পারে আরও বেশি।

গার্দিওলা অবশ্য এখন অতকিছু ভাবতে চান না। শিরোপার আশা যে শেষ হয়ে গেছে, সেটা তো আগেই বলে দিয়েছেন তিনি। এখন এই জয়ের স্বস্তিতে দুই মাসের কঠিন সময়কে পেছনে ফেলতে চান স্প্যানিশ কোচ।

তিনি বলেন, “(ইতিবাচক) ফল পাওয়ার মাধ্যমে আমরা আমাদের দুর্ভাবনাগুলো দূর করতে পারি। প্রিমিয়ার লিগ (শিরোপা) জয় থেকে আমরা এখন অনেক দূরে। আমরা মেনে নিয়েছি যে, (শিরোপা লড়াইয়ে) আমাদের আর কোনো সুযোগ নেই; তবে অন্য কিছুর জন্য আমাদের লড়াইয়ের সুযোগ আছে। এফএ কাপ, লিগের শীর্ষ চার এবং ম্যাচ জয় সেক্ষেত্রে সাহায্য করতে পারে।”

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme