চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় দেন ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা-মিশন বাজারের ইসরাইলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৯) ও তার স্ত্রী লালবানু ওরফে লাইলী (৩৯)। রায় ঘোষণার সময় আসামি খাইরুল আদালতে উপস্থিত থাকলেও তার স্ত্রী লাইলী পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০১৪ সালের ২০ মার্চ দুপুরে পলশা-মিশন বাজারে জসিম উদ্দীন নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে হত্যা করে আসামিরা। ঘটনার দিনই তার বাবা আমির আলী মাস্টার বাদী হয়ে ৯ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া দণ্ডপ্রাপ্ত দম্পতিসহ শফিকুল ইসলাম নামে আরও ব্যক্তিকে অভিযুক্ত করে ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারক ১৮ জনের স্বাক্ষ্যপ্রমাণের দীর্ঘশুনানি শেষে খাইরুল ও তার স্ত্রী লাইলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম নামে একজনকে বেকসুর খালাস দেন আদালত।
Leave a Reply