জয়পুরহাট প্রতিনিধিঃ
সদ্য ওএসডি হওয়া জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এ জেলায় নতুন বদলী হওয়া সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাসকে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে তার বদলির আদেশ বাতিলের দাবি জানানো হয়।
বুধবার (০৫ মার্চ) দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণসহ বিভিন্ন ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সংগঠক সাইফ হাসান রাফি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের অর্থপেডিক সার্জন ডাঃ সোহেল রানা, নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত, সাধারণ নাগরিক ইমরান হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কিছুদিন আগে জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ রুহুল আমিনকে ওএসডি করে বদলি করা হয়েছে। তার জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের দোসর ডাঃ স্বপন কুমার বিশ্বাসকে বদলি করা হয়। স্বপন কুমার বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতি করেছেন। স্বৈরাচারের দোসর হিসেবে আমরা তাকে প্রত্যাখ্যান করছি। তাই অবিলম্বে তাকে সিভিল সার্জন পদে জয়পুরহাটে বদলির আদেশ বাতিল করে ডাঃ রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবি জানাচ্ছি।
Leave a Reply