মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর মিল গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সার্বিক পরিবহনের হেলপার পান্নু মুন্সী এবং মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের মিল গেইট এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। একই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
Leave a Reply