পিরোজপুরের নাজিরপুরে ধানের বীজতলায় ইদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা ও রঘুনাথপুর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়নের বড় আমতলা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)।
পুলিশ ও স্থানীয় জানায়, লিটন শেখ ও মোসলেম সর্দার বোরো ধানের বীজতলা রক্ষার জন্য জমিতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন।সেখানে বিদ্যুতায়িত হয়ে তাঁরা দুজন মারা যান।
নিহত কৃষক লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম জানান, তাঁর স্বামী দুপুরের খাবের প্রস্তুত করতে বলে গোসলের উদ্দেশে বের হন। এ সময় বাড়ির সামনের জমিতে বীজতলা দেখতে যান। সেখানে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
স্থানীয় মো. জাহিদুল ইসলাম মোল্লা জানান, ওই কৃষক তার বাড়ির সামনের জমিতে বোরো ধানের বীজতলা ইদুরের হাত থেকে রক্ষা করতে বিদ্যুতিক ফাঁদ পাতেন। বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, বিদ্যুতায়িত হয়ে পৃথক দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply