আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরের খাতুনে জান্নাত মহিলা কওমি মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালকের স্বামী জায়ের আলীর বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার শিক্ষার্থীর মা বাদী হয়ে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার তিলকপুর এলাকার খাতুনে জান্নাত মহিলা কওমি মাদ্রাসার পরিচালক আফরোজা বেগম ওরয়ে পপি’র স্বামী জায়ের আলী দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় তিনি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, গত ১৩ জুন মাদ্রাসার পরিচালক আফরোজা বেগম মাথায় তেল দেওয়ার জন্য শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডাকেন। একপর্যায়ে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে কক্ষে থাকা জায়ের আলী শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি পরিবারকে জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শিক্ষার্থীর মা জানান, ঘটনার পর তাঁর মেয়ে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আইনের আশ্রয় নেন।
ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জায়ের আলীকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একাধিকবার কল করেও কোন সাড়া পাওয়া যায়নি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর স্ত্রী মাদ্রাসার পরিচালক আফরোজা বেগম বলেন, ঘটনাটি সত্য নয়। প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। আসামি পলাতক রয়েছে।
Leave a Reply