অনলাইন ডেস্ক:
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া ও কালকিনির আলীনগর ইউনিয়ের কয়েকটি গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশু বৃদ্ধাসহ ৬০ ব্যক্তি। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত চলে কুকুরের কামড়ানোর ঘটনা। পরে সদর ও কালকিনি থানা পুলিশ কুকুরটি ধরতে চেষ্টা করেও ব্যর্থ হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের রাস্তা দিয়ে মারিয়া নামে একটি শিশু সকাল ৮টার দিকে বিদ্যালয় যাচ্ছিলো। এসময় একটি পাগলা কুকুর মারিয়াকে কামড়িয়ে গুরুতর জখম করে। এসময় স্থানীয়রা তাকে বাঁচাতে এগিয়ে আসলে কুকুরটি ক্ষিপ্ত হয়ে আরো বেশ কয়েকজনকে কামড়ায়।
এরপর পার্শ্ববর্তী আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ, ফাঁসিয়াতলা গ্রামের অর্ধ শতাধিক মানুষকে কামড়িয়ে গুরুতর জখম করে। কুকুরের কামড়ে গুরুতর জখম ৪৩ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের পায়ে বেশ ক্ষত সৃষ্টি হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ জানান, ‘কুকুরে কামড়ানো আহত অর্ধশত ব্যক্তি এখানে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে ৪৩ জনকে ভর্তি করা হয়েছে। কুকুরে কামড়ানোর ভ্যাকসিন দেয়া হয়েছে সবাইকে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনও আছে। রোগীদের মধ্যে কয়েকটি শিশুর অবস্থা খুবই খারাপ। তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা লাগতে পারে।
Leave a Reply