ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণে ব্যর্থ হয়ে ছাঁদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ আব্দুল কুদ্দুসকে আটক করেছে পুলিশ।
আটককৃত বৃদ্ধ আব্দুল কুদ্দুস কালাই উপজেলার আতাহার বামন গ্রামের জাকিরের ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, ওই শিশুর বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। এই সুবাদে শিশুটি ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামের তার দাদা-দাদির কাছে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতেন। এদিকে আব্দুল কুদ্দুস সেই গ্রামে থেকে দিনমজুরের কৃষি কাজ করতেন। বুধবার দুপুরে ওই গ্রামের নির্মানাধীন একটি বাড়ী ফাঁকা পেয়ে শিশুটিকে কুদ্দুস গেটের সামনে থেকে কৌশলে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর দরজা লাগিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয় এক নারীর বিষয়টি সন্দেহ হলে আরও লোকজনকে বিষয়টি জানান। তারা এসে দরজা খুলতে বললে অভিযুক্ত কুদ্দুস শিশুটিকে ছাদ থেকে ফেলে দিয়ে নিজেও লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীবেন্দ্রনাথ সিংহ বলেন, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে কৌশলে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। পরে এলাকাবাসী জানতে পেরে ওই বৃদ্ধকে আটক করে মারপিট করছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর কুদ্দুসকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply