দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা

দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা

দিনাজপুরের ফুলবাড়ীতে ৬৫বছর বয়সি বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে ১২বছর বয়সি এক শিশু অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ওই বৃদ্ধির সঙ্গে ভুক্তভোগীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ মে) দিবাগত রাতে এ ঘটনায় শিশুটির মা ফুলবাড়ী থানায় নুরুল ইসলাম ওরফে দয়াল নামে ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেছেন। নুরুল ইসলাম ওরফে দয়াল ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটির মা শ্রমিক ও বাবা অসুস্থ হওয়ায় নাড়াচাড়া করতে পারেন না। শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন নুরুল ইসলাম। সবশেষ গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে গ্রামের পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়। ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে উভয়পক্ষ বিষয়টি পারিবারিক এবং সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেন। নুরুল ধর্ষণের বিষয় কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, এক মাস আগে শিশুটির শরীরে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটি তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এক সপ্তাহ আগে মান সম্মানের ভয়ে স্থানীয় কয়েকজনের চাপে ওই লোকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয়। এছাড়া ভুক্তভোগীর পরিবারকে দেড় লাখ টাকা আর দুই শতক জমি দেওয়ার কথা বলা হয়েছে। তবে টাকা আর জমি কিছুই পায়নি তারা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিব শাহ্ জানান, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপস করার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে অভিযুক্তসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme