যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পুকুরে ডুবে শিশু ভাই ও বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের স্কুল শিক্ষক শহিদুল ইসলামের ছেলে সাবিদ (৩) ও মেয়ে সামিয়া (৫)।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম টুকু এবং স্কুল শিক্ষক মতিয়ার রহমান জানান, একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম। শনিবার সকালে তার ছেলে ও মেয়ে বাবার কাছে আবদার করে আইসক্রিম খাওয়ার। শহিদুল ইসলাম বাজার থেকে দুপুর ১২ টার দিকে দুইটি আইসক্রীম কিনে ছেলে-মেয়ের হাতে দিয়ে বাড়ির উঠানে বসে গরুর জন্য খড় কাটছিলেন।
এ সময় সাবিদ এবং সামিয়া আইসক্রিম খেতে খেতে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে যায়। কিন্তু দুপুর দুইটা বেজে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে সাবিদ এবং সামিয়াকে উদ্ধার করে স্থানীয় বাজারের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। পরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
Leave a Reply