নিউজ ডেস্ক:
বিএনপি নেতারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছেন বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮ এ দেশের অবস্থান বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী বলেন, দেখুন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। যাদের গ্রেপ্তার করা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা ও অর্থদাতা হিসেবে গ্রেপ্তার হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে টেলিফোন করে বিএনপি নেতারা, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন আগুন সন্ত্রাস চালাতে। সেগুলোর তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে।
তিনি বলেন, তারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছেন। এটি কোনো রাজনীতি নয়, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, যারা এ কাজ করছেন, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে কেবল সরকার না, জনগণও ব্যবস্থা নেবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
Leave a Reply