ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রক্ত দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার আলীয়াবাদ গ্রামের শিহাব উদ্দিন (২৫) ও একই গ্রামের রফিক মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২৪)।
নবীনগর উপজেলায় ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাব ও বোরহান অতন্ত ভদ্র-নম্র ছিলেন। তারা দুইজন মানুষের বিপদে যে কোনো অবস্থায় ছুটে যেতেন। সকালে কোম্পানীগঞ্জে এক রোগীকে মোটরসাইকেলযোগে রক্ত দিতে যাওয়ার পথে আলীয়াবাদ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিহাবের মৃত্যু হয়। এ সময় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত বোরহানকে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে বোরহানের মৃত্যু হয়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলে মারা যান এবং বোরহানকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নবীনগর থানার আবদুর রাজ্জাক বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা পাঠানো হয়েছে।
Leave a Reply