নিউজ ডেস্ক:
রাঙ্গামাটি -চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে দু’ নারীসহ ৬ জন নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই অটোরিকসার যাত্রী ছিলেন এবং চালকসহ সবাই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজানে চৌধুরী পাড়ার আবু তোরাব (৫০), কাউখালীর পশ্চিম মনাইরটেক নুর নাহার (৪০), চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান বাচ্চু (৫৫), সুলতানপুর রাউজানের মোঃ জয়নাল আবেদীন (৬০), সিএনজি চালক ভাটিয়ারী সীতাকুন্ডের ইজাজুল (২৫)। অপর একজনের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশা করে যাত্রীরা বেতবুনিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চেয়ারম্যান পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী মালামাল বোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেকস ও জেকে হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর পর পিকআপের চালক পালিয়ে যায়। দুর্ঘটনার সাথে সাথে বেতবুনিয়া ফাড়ির পুলিশ,সেনাবহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশগ্রহণ করে যান চলাচলা স্বাভাবিক করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন আঘাত পিকআপ চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
Leave a Reply