অনলাইন ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভারতীয় বিএসএফ এর গুলিতে সমিরুল হক নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত সমিরুল বারীনগর গ্রামের হাসিবুল হকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে দিয়াড় মানিকচক সীমান্তে ওই কিশোরকে হত্যা করা হয়।
এ ঘটনার পর বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার পর সীমান্ত এলাকার মানুষজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, ‘সীমান্তে বাংলাদেশ ও ভারতের কৃষকদের ফসলের ক্ষেত রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমিরুলসহ কয়েকজন মিলে দিয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে দেড়শ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এ সময় ভারতের চর আষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিটি সমিরুলের এক বগল দিয়ে ঢুকে বুকের ভেতর দিয়ে আরেক বগল হয়ে বেরিয়ে যায়। ফলে ঘটনাস্থলে সে মারা যায়। এসময় অন্যরা পালিয়ে প্রাণ রক্ষা করে। পরে খবর পেয়ে বিজিবির সাহেবনগর ও দিয়াড় মানিকচক ফাঁড়ির দুটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। দুপুরেই কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করা হয়।
গোদাগাড়ী উপজেলা ইউএনও আতিকুল ইসলাম বলেন, কিশোর সমিরুল ওরফে সামিউলের মরদেহ বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন বলে খবর পেয়েছি। আইন অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তাস্তরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply