বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে ১৯ নভেম্বর থেকে। এসময় পণ্য ও যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
খন্দকার এনায়েত উল্যাহ জানান, হরতাল-অবরোধে সারাদেশে ১২০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে ২২৫টি গাড়ি।
তিনি বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আগের ন্যায় এবারও দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
Leave a Reply